রবিবার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার ৩০ আগস্ট ২০২৬
 
রাজধানী
ছিনতাইকারীর কবলে প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনায় ‘প্যারা পনিরসহ’ গ্রেফতার ২





নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
8:30 PM
 @palabadalnet

রনজিলা পারভিন। ছবি: সংগৃহীত

রনজিলা পারভিন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের (৫৬) মারা যাওয়ার ঘটনায় মূল সন্দেহভাজনসহ দুজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‍্যাব-২।

র‍্যাব বলেছে, গ্রেফতার মূল সন্দেভাজনের নাম পনি ওরফে প্যারা পনির। তার সহযোগীর নাম জানানো হয়নি। আজ রোববার বিকেল চারটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া থেকে বাসে করে ঢাকায় আসেন রনজিলা পারভিন ও তার স্বামী আবদুল মতিন। ভোরে কল্যাণপুর টার্মিনালে বাস থেকে নেমে তারা অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে আসতেই একটি মোটরসাইকেলে করে এসে পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় রনজিলা পারভিন অটোরিকশা থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে থাকা স্বামী তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

রনজিলা পারভিন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।‎ তাদের গ্রামের বাড়ি গাবতলী উপজেলার তরফসরতাজ গ্রামে। তার স্বামী আবদুল মতিন বগুড়া শহরের নিউমার্কেট এলাকায় পোশাকের ব্যবসা করেন। ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে তাকিয়া আকতার রাইসা।

ডিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ছয় মাসে রাজধানীতে ১৭২টি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৮টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ওয়ারী থানা এলাকায়। আর ৩৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায়।

প্রসঙ্গত, ছিনতাইয়ের সব ঘটনায় মামলা হয় না। বেশির ভাগ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আবার ছোটখাটো ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিরা জিডিও করেন না।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]