শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার ২৯ আগস্ট ২০২৬
 
স্পোর্টস
রেকর্ড গড়ে রোনালদো বললেন, ‘এটি কেবল আমার একার অর্জন নয়’





স্পোর্টস ডেস্ক
Saturday, 29 August, 2026
5:24 PM
 @palabadalnet

ছবি: আল নাসর

ছবি: আল নাসর

এক ম্যাচ পরই গোলের দেখা পেয়ে আল নাসরকে জেতালেন ক্রিস্তিয়ানো রোনালদো। শুধু তাই নয়, সৌদি প্রো লিগে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়লেন পর্তুগিজ মহাতারকা। পরে বিনয়ের সঙ্গে বললেন, তার এই কীর্তিটি যৌথ প্রচেষ্টার ফসল, যেখানে অবদান রেখেছেন তার সতীর্থ ও ভক্তরা।

শুক্রবার ঘরের মাঠে পিছিয়ে পড়েও লিগের ম্যাচে আল তাওউনকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর।

একাদশ মিনিটে বাসসাম আল হুরাইজির লক্ষ্যভেদে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সমতা টানেন সামু কস্তা। আর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে স্বাগতিকদের পক্ষে জয়সূচক গোলটি করেন রোনালদো। সতীর্থ মোহামেদ সিমাকানের শট জালের দিকেই যাচ্ছিল। খুব কাছ থেকে বলে পা ছুঁইয়ে নিশানা ভেদ করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে ১১০ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা বেড়ে হলো ১০৪টি। এই প্রতিযোগিতার ইতিহাসে ক্লাবটির হয়ে এখন সর্বোচ্চ গোলদাতা তিনি। পাঁচবারের ব্যালন দি’অরজয়ী তারকা ছাড়িয়ে গেছেন মোহাম্মেদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশক আল নাসরের হয়ে খেলেছিলেন তিনি। সৌদি প্রো লিগে করেছিলেন ২০৫ ম্যাচে ১০৩ গোল।

রেকর্ড গড়ার পর ম্যাচ শেষে সংবাদমাধ্যমের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, “আমি খুব, খুব খুশি। এটি একটি দারুণ অর্জন। তবে এটি কেবল আমার একার অর্জন নয়।”

এই অসামান্য অর্জনের কৃতিত্বের ভাগ সতীর্থ ও ভক্তদের দেন তিনি, “আমাকে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে। কারণ তাদের ছাড়া এটি সম্ভব হতো না। আমি ভক্তদের জন্যও খুব খুশি। তারা আমাকে সব সময় সমর্থন দিয়ে যান।”

এবারের লিগে তিন ম্যাচ খেলে রোনালদোর গোল হলো দুটি। তার ক্যারিয়ার গোল বেড়ে দাঁড়াল ৯৭৮টি। ১০০০ গোলের অনন্য মাইলফলক ছুঁতে চাই আর মাত্র ২২ গোল।

গত মঙ্গলবার রাতে লিগের ম্যাচে আল ইত্তিফাকের মাঠে ১০ জনের দল নিয়েও ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছিল আল নাসর। সেদিন শুরুর দিকে তাদের গোলরক্ষক বেন্তো দেখেছিলেন লাল কার্ড। প্রথমার্ধ শেষে দলটি ২-০ গোলে পিছিয়ে থাকার পর চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু। রোনালদোকে বদলি করে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামাননি তিনি।

পরবর্তীতে নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছিল আল নাসর। শেষ ১৬ মিনিটের মধ্যে ৩ গোল করে স্মরণীয় জয় ছিনিয়ে এনেছিল তারা।

শিরোপা ধরে রাখার অভিযানে সৌদি প্রো লিগে প্রথম চার ম্যাচেই জিতেছে আল নাসর। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]