
ইমরান খান। ফাইল ছবি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আবার চিঠি লিখলেন সুনীল গাভাস্কার, কপিল দেব-সহ ২১ জন প্রাক্তন ক্রিকেটার। তাদের দাবি, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর ‘মানবিক চিকিৎসা এবং যথাযথ যত্ন’ নেওয়া হোক।
২৩ অগস্ট প্রাক্তন ক্রিকেটারদের চিঠি প্রকাশ্যে এসেছে। ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি জেল থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আবার জেলে ফেরানো হয়েছে। ইমরানের যাতে যথাযথ চিকিৎসা হয় তারই অনুরোধ করেছেন প্রাক্তন ক্রিকেটারেরা।
প্রাক্তন ক্রিকেটারেরা শরিফকে জানিয়েছেন, রাজনীতি নয়, ক্রিকেট মাঠে ইমরানের সঙ্গে তাদের বন্ধুত্বের ইতিহাসের কথা মাথায় রেখে এই চিঠি লিখছেন। চিঠিতে লেখা হয়েছে, “প্রিয় প্রধানমন্ত্রী, ছয় মাস আগে ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক আপনাকে এবং পাকিস্তান সরকারকে চিঠি লিখে ইমরান খানের যথাযথ চিকিৎসা এবং শারীরিক যত্ন নেওয়ার অনুরোধ জানিয়েছিল। রাজনীতিবিদ হিসাবে নয়, তখন প্রাক্তন সতীর্থ হিসাবেই আমরা চিঠি লিখেছিলাম। ক্রিকেট মাঠের বাইরেও আমাদের বন্ধুত্ব রয়েছে, যার কোনও সীমানা বা সমস্যা নেই যা দু’দেশকে ভাগ করতে পারে। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে প্রাক্তন আরও কিছু অধিনায়ককে নিয়ে আমরা আবার চিঠি লিখছি।”
তারা চিঠিতে আরও লিখেছেন, “পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ইমরান খানকে হাসপাতালে ভর্তি করার এবং একটি মেডিক্যাল বোর্ডকে দিয়ে পরীক্ষা করানোর যেখানে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন উজ়মা খানও থাকবেন। আদালত আরও নির্দেশ দিয়েছিল সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের। আমরা স্বাগত জানিয়েছিলাম সেই সিদ্ধান্তকে। কিন্তু ইমরান মাত্র কয়েক ঘণ্টা হাসপাতালে ছিলেন। তাকে সরকার পরিচালিত চিকিৎসকেরা পরীক্ষা করেন। আদালতের নির্দেশ মানা হয়নি। চিকিৎসকের দল কাজ সম্পূর্ণ করার আগেই ইমরানকে ‘শারীরিক ভাবে সুস্থ’ বলে দিয়ে আদিয়ালা জেলে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের দেওয়া নির্দেশ যে মানা হয়নি সে কথা বলেছেন বোন উজমা খান।”
প্রাক্তন অধিনায়কেরা তিনটি দাবি করেছেন। প্রথমত, সুপ্রিম কোর্ট যে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল তাদের দ্বারা স্বাধীন ভাবে ইমরানের স্বাস্থ্যপরীক্ষা। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ মেনে পরিবারের সাপ্তাহিক সাক্ষাৎ সুনিশ্চিত করা। তৃতীয়ত, অবিলম্বে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মেনে ইমরানের চিকিৎসা সুনিশ্চিত করা।
চিঠিতে সই করেছেন ইংল্যান্ডের মাইক আথারটন, মাইক ব্রিয়ারলি, অ্যালিস্টার কুক, ডেভিড গাওয়ার, নাসের হুসেন, অ্যান্ড্রু স্ট্রস। অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, গ্রেগ ও ইয়ান চ্যাপেল, কিম হিউজ এবং স্টিভ ওয়াহ। ভারতের কপিল দেব, সুনীল গাভাস্কার এবং দিলীপ বেঙ্গসরকর। ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা, নিউ জিল্যান্ডের জন রাইট। আরও কয়েক জন তালিকায় রয়েছেন।
পালাবদল/এসএ