বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
 
বিদেশ
মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকরা সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন কেন?





পালাবদল ডেস্ক
Thursday, 13 August, 2026
3:27 PM
 @palabadalnet

 আরব সাগরে অবরোধ কার্যক্রম পরিচালনা করতে দেখা যাচ্ছে ইউএসএস আব্রাহাম লিংকনকে। ছবি: এএফপি

আরব সাগরে অবরোধ কার্যক্রম পরিচালনা করতে দেখা যাচ্ছে ইউএসএস আব্রাহাম লিংকনকে। ছবি: এএফপি

দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মধ্যে মানসিক চাপ ও অসন্তোষ নিয়ে উদ্বেগ বাড়ছে। জাহাজটির প্রায় ৫ হাজার নাবিক ও সেনা মাসের পর মাস সমুদ্রে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে মার্কিন সামরিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে, জাহাজটির আভ্যন্তরীণ জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন সিনেটররা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন থেকে কয়েকজন নাবিকের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা এবং তা ঠেকানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক সংবাদমাধ্যম নেভি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রাইপস।

জাহাজটির বর্তমান মোতায়েনের মেয়াদ এরইমধ্যে নয় মাসে পৌঁছেছে। এ সময়ে এটি টানা ২৫০ দিনের বেশি তীরে না ভিড়ে সমুদ্রে ছিল, যা আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরির জন্য রেকর্ড বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রায় ২০০ নাবিক পরিবারের সদস্য তাদের উদ্বেগের কথা জানান। স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদনে বলা হয়, এক নারী জানান, তার স্বামী সেদিন তাকে বার্তা দিয়ে বলেছিলেন, তিনি আশা করছেন পরদিন যেন আর ঘুম থেকে না ওঠেন।

আরেক নাবিকের স্ত্রী নেভি টাইমসকে জানান, সমুদ্রে থাকার মেয়াদ বারবার বাড়তে থাকায় তার স্বামী একপর্যায়ে জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। অন্য একটি ঘটনায় এক নাবিক তার সহকর্মীকে জাহাজ থেকে ঝাঁপ দেওয়া থেকে আটকান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রণতরিটির ভেতরের জীবনযাত্রার পরিস্থিতি নিয়েও অভিযোগ উঠেছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য মাইক লেভিনের ভাষ্য, জাহাজে ছাঁচ ধরা গোসলখানা, নষ্ট শৌচাগার, কয়েক সপ্তাহ ধরে অচল লন্ড্রি ব্যবস্থা, দীর্ঘ সময় গরম পানির সংকট এবং খাবারের ঘাটতি রয়েছে। সাবান, ডিওডোরেন্ট ও টুথপেস্টের মতো প্রয়োজনীয় সামগ্রীর সংকটের কথাও উল্লেখ করেছেন তিনি।

কলোরাডোর ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জেসন ক্রো বলেন, আব্রাহাম লিংকনের নাবিক ও তাদের পরিবারের ওপর চাপ ‘সপ্তাহে সপ্তাহে বাড়ছে’। তিনি নিজেও সাবেক সেনা রেঞ্জার এবং আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করেছেন।

এএফপি জানিয়েছে, পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সিনেটররাও। বুধবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে লেখা এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল আব্রাহাম লিংকনের পরিস্থিতি সম্পর্কে নৌবাহিনীর কাছে জবাবদিহি দাবি করেন। তিনি বলেন, জাহাজটি ২৫০ দিনের বেশি ধরে মোতায়েন রয়েছে এবং ২০০ দিনেরও বেশি সময় তীরে না ভিড়ে সমুদ্রে রয়েছে।

ব্লুমেনথাল জাহাজটিতে মৌলিক সামগ্রীর ঘাটতি, পানিদূষণ, প্লাম্বিং সমস্যা, নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্য এবং ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও উল্লেখ করেন।

আরেক সিনেটর রুবেন গ্যালেগো আব্রাহাম লিংকনে দ্বিদলীয় সিনেট প্রতিনিধিদলের একটি আনুষ্ঠানিক পরিদর্শন ও তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নাবিকদের জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার হুমকির খবর পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে, তার ‘ভয়ংকর সতর্কসংকেত’।

আব্রাহাম লিংকন ২০২৫ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে যাত্রা করে। শুরুতে দক্ষিণ চীন সাগরে দায়িত্ব পালনের কথা থাকলেও পরে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আগে জাহাজটির গতিপথ পরিবর্তন করা হয়।

পরিবারগুলোর অভিযোগ, জাহাজের মোতায়েনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে। মিসড নাউয়ের তথ্য অনুযায়ী, এ সময়ে ৫ হাজারের বেশি সদস্যের এই ক্রুরা মাত্র দুদিন তীরে কাটানোর সুযোগ পেয়েছেন, ডিসেম্বরে গুয়ামে এবং জুলাইয়ে ওমানে।

এপ্রিলেও জাহাজটির পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তখন নিম্নমানের ও পরিমাণে কম খাবারের ছবি প্রকাশের পাশাপাশি পানির সংকট, ছাঁচ ধরা গোসলখানা এবং নষ্ট লন্ড্রি মেশিনের খবর আসে। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ অবশ্য এসব অভিযোগকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

তবে এসব অভিযোগের মধ্যেই আব্রাহাম লিংকনের নাবিকদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। গত বছরের একটি গবেষণায় সমুদ্রে দায়িত্ব পালনকারী মার্কিন নৌবাহিনীর সদস্যদের প্রধান চাপের কারণ হিসেবে উচ্চ শব্দ, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা উঠে আসে। জরিপে প্রায় অর্ধেক নাবিক জানান, সমুদ্রে মানসিক চাপ মোকাবিলায় তারা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না।

মার্কিন নৌবাহিনী অবশ্য আব্রাহাম লিংকনে আত্মহত্যার চিন্তা বা চেষ্টার ঘটনা বেড়েছে, এমন কোনো তথ্য তাদের হাতে নেই বলে জানিয়েছে। দ্য গার্ডিয়ানের প্রশ্নের জবাবে নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, দীর্ঘমেয়াদি মোতায়েন নাবিক ও তাদের পরিবারের ওপর ‘উল্লেখযোগ্য চাপ’ তৈরি করে এবং তবে তাদের স্বাস্থ্য ও কল্যাণ নৌবাহিনীর অগ্রাধিকার।

জাহাজে চিকিৎসক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, ধর্মীয় কর্মকর্তা এবং মোতায়েনকালীন মানসিক সহায়তার জন্য কাউন্সেলর রয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা। তার দাবি, জাহাজ থেকে পাওয়া সাম্প্রতিক প্রতিবেদনে পরিষ্কার পানি, সচল শীতাতপনিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

এদিকে ইরানি সংবাদমাধ্যমে আব্রাহাম লিংকনে নাবিকদের সংঘর্ষে সাতজন নিহত ও কয়েকজন আহত হওয়ার দাবি করা হয়েছে। তাসনিম নিউজের বরাতে মেহর নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা জাহাজে গিয়ে নাবিকদের অভিযোগ শুনতে চাইলে তাকে লক্ষ্য করে বিক্ষোভ হয়। পরে পরিস্থিতি নাবিকদের মধ্যে সংঘর্ষে রূপ নেয় এবং ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের দাবি করা হয়।

তবে সাত নাবিক নিহত হওয়ার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি। মার্কিন নৌবাহিনীও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আব্রাহাম লিংকনের দীর্ঘ মোতায়েন, জীবনযাত্রার অভিযোগ এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে এখন জাহাজটির পরিস্থিতি নিয়ে কংগ্রেসের তদন্তের দাবিই জোরালো হচ্ছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]