
সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স মারা গেছেন। কিংবদন্তি এই সাবেক অলরাউন্ডারের বয়স হয়েছিল ৮৯ বছর।
সোবার্সের প্রয়াণের খবর নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক শোকবার্তায় বলেছে, “একটি দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটল। আমাদের হৃদয়ে এখন ও চিরকাল থাকবেন স্যার গারফিল্ড সোবার্স।”
১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। ২০ বছরের এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৮ হাজার ৩২ রান করার পাশাপাশি বল হাতে নেন ২৩৫টি উইকেট।
নজরকাড়া বাঁহাতি এই ব্যাটার ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের একটি মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড হিসেবে তার এই কীর্তি দীর্ঘ ৩৬ বছর টিকে ছিল।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ বৈচিত্র্যময় ছিলেন সোবার্স। একইসঙ্গে মিডিয়াম পেস ও স্পিন-দুই ধরনের বোলিংয়েই সমান পারদর্শী ছিলেন এই অলরাউন্ডার।
ইংলিশ কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে মাঠ মাতানো সোবার্সকে ক্রিকেটে অবদানের জন্য ১৯৭৫ সালে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়। এছাড়া, ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হয়েছিলেন তিনি।
১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে ছয়টি ছক্কা মারার অনন্য কীর্তি গড়েন সোবার্স। ক্লাবটি তাকে ‘ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার ও নটিংহ্যামশায়ারের ইতিহাসের এক আইকনিক ব্যক্তিত্ব’ হিসেবে বর্ণনা করেছে।
শোকবার্তায় নটিংহ্যামশায়ারের পক্ষে থেকে বলা হয়েছে, “স্যার গারফিল্ড সোবার্সের প্রয়াণের খবর শুনে আমরা অত্যন্ত মর্মাহত।”
পালাবদল/এসএ