
দলের খেলায় নাখোশ টুখেলকে ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। ছবি: এএফপি
আর্লিং হালান্ডের নরওয়েকে বিদায় করে দিয়ে ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে জয়ের আনন্দ ছাপিয়ে ইংল্যান্ড কোচ থমাস টুখেলের কণ্ঠে অসন্তোষের প্রতিধ্বনিই বেশি শোনা গেলো। ম্যাচ জয়ের পেছনে নিজেদের চেয়ে ভাগ্যের অবদানকেই বড় করে দেখছেন ইংল্যান্ডের কোচ।
জুড বেলিংহামের জোড়া গোলে জিতলেও ম্যাচ শেষে তেমন উদযাপন করতে দেখা যায়নি টুখেলকে। ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই দেয়া ছোট প্রতিক্রিয়ায় টুখেল নিজের অসন্তোষ লুকাননি। জার্মান এই কোচ বলেছেন, ‘আমরা নিজেদের জন্য পরিস্থিতি খুব, খুব কঠিন করে তুলেছিলাম আজ। ফলাফল দারুণ, শেষ চারে যেতে পারার অনুভূতি দুর্দান্ত। কিন্তু আমি এমন পারফরম্যান্সে খুশি নই’।
সন্তোষজনক পারফরম্যান্স ছাড়াই ম্যাচ জেতায় ভাগ্যকে কৃতিত্ব দিয়েছেন টুখেল, “মাঠে খেলোয়াড়দের নিবেদনে কোনো কমতি নেই। কিন্তু আমরা যেভাবে খেলেছি, তাতে নিজেদের জন্য পরিস্থিতি কেবল কঠিনই করেছি। আমরা নিরাপদ ফুটবল খেলার চেষ্টা করেছি, যথেষ্ট আক্রমণাত্মক মনোভাব দেখাইনি। আমরা আজ ভাগ্যবান ছিলাম।”
সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে যেতে হলে নিজেদের অনেক উন্নতির জায়গা দেখছেন টুখেল, ‘আমাদের আরও উন্নতি করতে হবে। এখন উদযাপনের সময়। আমাদের হাতে এখন তিন দিন সময় আছে’।
নরওয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও জুড বেলিংহামের জোড়া গোলে অতিরিক্ত সময়ের খেলা শেষে ২-১ গোলে জিতেছে ইংলিশরা।
পালাবদল/এসএ