
সংগৃহীত ছবি
বিশ্বকাপ সেমিফাইনালের আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল স্পষ্ট করে দিলেন, ফুটবল বিভাজনের নয়, মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার মাধ্যম। ১৯তম জন্মদিনে ফ্রান্স ম্যাচকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেও তার কণ্ঠে সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে সম্প্রীতি ও একতার বার্তা।
বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে স্পেনের এই তরুণ তারকাকে সাবেক স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। রাহয় বলেছিলেন, ফ্রান্স দুর্দান্ত দল হলেও সেখানে নাকি ‘ফরাসি খেলোয়াড়’ নেই।
মরক্কান বাবা ও ইকুয়েটোরিয়াল গিনির মায়ের সন্তান ইয়ামাল সেই মন্তব্যে বিতর্ক না বাড়িয়ে সম্প্রীতির বার্তাই দিয়েছেন, “আগামীকাল আমরা দারুণ একটি ম্যাচ খেলব। কিন্তু ফুটবলের যদি কোনো উদ্দেশ্য থাকে, সেটি হলো মানুষকে এক করা।”
তিনি আরও বলেন, “ফ্রান্স ও স্পেন দুই দেশই একীভূত সমাজের উদাহরণ। ফুটবল মানেই এই একীভূত হওয়া। অন্য কেউ কী বলেছে, তা নিয়ে কথা বলার প্রয়োজন নেই।”
মাত্র ১৯ বছর বয়সেই পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন ইয়ামাল। সংবাদ সম্মেলনে অবশ্য শুধু ফুটবল নয়, উঠে এসেছে তার জন্মদিনের প্রসঙ্গও।
নিজের তিন বছর বয়সী ছোট ভাই কেইনেকে নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতেই উত্তর দেন স্প্যানিশ উইঙ্গার। টেলিভিশন ক্যামেরার সামনে দুষ্টুমি করে কেইনে ইতোমধ্যেই স্পেনের সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
“আমার ভাই বুঝতেই পারে না কী হচ্ছে। সে বাসায় যেমন থাকে, ক্যামেরার সামনেও ঠিক তেমনই দুষ্টুমি করে। মানুষ ওকে পছন্দ করছে দেখে আমার ভালো লাগে। টিভিতে ওকে দেখতে বেশ মজাই লাগে,” বলেন ইয়ামাল।
জন্মদিন উপলক্ষে সংবাদ সম্মেলনে গলায় হীরার একটি দামী হার পরে এসেছিলেন তিনি। সেটিকে নিজের জন্য নিজেরই জন্মদিনের উপহার বলে জানান স্পেনের এই তরুণ তারকা।
তবে ব্যক্তিগত আড়ম্বরের চেয়ে তার মনোযোগ এখন সেমিফাইনালেই। ফ্রান্সের বিপক্ষে ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলে উল্লেখ করেন ইয়ামাল।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন তিনি। তবে গোলসংখ্যা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি, “প্রতিটি টুর্নামেন্টই আলাদা। আমি একটি গোল করেছি বলে উদ্বিগ্ন নই। আমরা তো জিতছি। এর আগে আমি এমন বিশ্বকাপও দেখেছি, যেখানে স্পেন আগেই বিদায় নিয়েছে। এবার সেটা হয়নি। আশা করি আরও ম্যাচ খেলব, তখন গোলও আসবে।”
ফ্রান্সের বিপক্ষে লড়াই নিয়েও দারুণ রোমাঞ্চিত স্পেনের এই বিস্ময়বালক, “এটি দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে, এমন একটি ম্যাচ যার অপেক্ষায় সবাই ছিল। দুই দলই আক্রমণ করবে, আবার রক্ষণও সামলাবে। আমি নিশ্চিত, এটি খুবই সমানে সমান লড়াই হবে।”
পালাবদল/এসএ