শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার ১০ জুলাই ২০২৬
 
রাজনীতি
শেখ হাসিনা দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম





নিজস্ব প্রতিবেদক
Friday, 10 July, 2026
10:18 PM
 @palabadalnet

শুক্রবার এমএসএমই দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

শুক্রবার এমএসএমই দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ শুক্রবার এমএসএমই দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সম্মাননা প্রদান ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, ডিসেম্বরে কেউ একজন (শেখ হাসিনা) দেশে ফেরার পরিকল্পনা করেছেন। আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।”

তিনি বলেন, “বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এটা করা দরকার।”

“এই সরকারের দ্রুত এটা করা উচিত। এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে, তাহলে সেটা কারও জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণঅভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে, রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্থনীতিকে রক্ষার জন্য আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত,” যোগ করেন এনসিপি আহ্বায়ক।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কীভাবে আসবেন, বিচার হবে কি না, এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয়।”

“শেখ হাসিনা কীভাবে আসবে, কাদেরকে নিয়ে আসবে, সারেন্ডার করবে, কি করবে না। এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে। এখানে আর কোনো পক্ষ নাই। ফলে সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে,” বলেন তিনি।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে। এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]