শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার ২৭ জুন ২০২৬
 
প্রবাস
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, আহত ১





নোয়াখালী প্রতিনিধি
Saturday, 27 June, 2026
3:32 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের ৩ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম আজ শনিবার  এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। 

এ ঘটনায় আহত হয়েছেন বাবুলের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাবুলের স্বজন আফনান হোসেন নাইম জানান, শুক্রবার রাতে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে। এ সময় বাইরে থেকে বাসায় ফিরে অয়ন ঘরে ঢোকার সময় বিষয়টি টের পান। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

অয়নের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক কামাল উদ্দিন বাবুল, আরজু বেগম ও তাদের মেয়ে আরোয়া ইসলাম আরিশাকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মো. নুরুল হাকিম বলেন, নিহতরা সপরিবারে ইতালিতে বসবাস করতেন। ঘটনাটি জানার পর নিহতদের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]