শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার ২৬ জুন ২০২৬
 
রাজনীতি
এক টাকার দুর্নীতি বা অসততার প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত





নিজস্ব প্রতিবেদক
Friday, 26 June, 2026
1:49 AM
 @palabadalnet

সংসদে কথা বলছেন কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংসদে কথা বলছেন কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে বলেছেন, কোনো তদন্তে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।

বৃহস্পতিবার বিকেলে সংসদে ব্যক্তিগত ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এ কথা জানান।

এর কয়েক ঘণ্টা আগে ময়মনসিংহ–১০ আসনে বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান বলেছেন, অনেকে ‘জুলাই চেতনা’ বিক্রি করেন। তাদের অনেকে আগে রিকশায় চড়তেন। আর এখন প্রাডো গাড়িতে চড়েন।

এ প্রসঙ্গে হাসনাত বলেন, “একজন সংসদ সদস্য মন্তব্য করেছেন, যারা একসময় রিকশায় চলতেন, তারা এখন জুলাইয়ের চেতনা বিক্রি করে বিলাসবহুল প্রাডো গাড়িতে চলাফেরা করছেন। তিনি আমাদের উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন।”

এরপর সরকারের উদ্দেশে তিনি বলেন, “ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সেনাবাহিনীসহ সব গোয়েন্দা সংস্থাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি অনুরোধ করছি, শুধু অভিযোগের ভঙ্গিতে কথা না বলে তদন্ত করুন। যদি আমার এক টাকার দুর্নীতি বা কোনো অসততার প্রমাণ দিতে পারেন, তাহলে আমি এই সংসদ থেকে পদত্যাগ করব।”

এর আগে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে হাসনাত বলেন, সরকার বা কোনো মন্ত্রীর সমালোচনা করলে নির্বাচনী এলাকার বাজেট বরাদ্দ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে অনেক সংসদ সদস্য খোলামেলা কথা বলতে পারেন না।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আমরা কথা বলতে ভয় পাই। কারণ সরকার বা কোনো মন্ত্রীর সমালোচনা করলে আমাদের নির্বাচনী এলাকার বাজেট বন্ধ হয়ে যাবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। এ কারণেই আমরা অনেকে আওয়াজ কম করে কথা বলি।”

হাসনাত আরও বলেন, “মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি, আমার এলাকার মানুষ যেন বঞ্চিত না হয়, তা নিশ্চিত করুন।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]