শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার ২৬ জুন ২০২৬
 
অর্থ-বাণিজ্য
আম ব্যবসায়ীদের সুবিধার্থে রাজশাহী অঞ্চলে শনিবারও ব্যাংক খোলা থাকবে





নিজস্ব প্রতিবেদক
Friday, 26 June, 2026
1:52 AM
 @palabadalnet

 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান আম মৌসুমে ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের সুবিধার্থে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমের বাজার সংলগ্ন ব্যাংকগুলো সাপ্তাহিক ছুটির দিন শনিবারও খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ৩১ জুলাই পর্যন্ত সীমিত পরিসরে এসব এলাকার তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখাগুলো এই সেবার আওতায় খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগের পরিচালক মো. আবদুল মান্নানের সই করা একটি চিঠিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা), নওগাঁ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা), রাজশাহী এবং নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী আমের বাজার সংলগ্ন ব্যাংক শাখাগুলোতে এই সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আম মৌসুমে ব্যবসায়ীদের নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ এবং জমা নিশ্চিত করার পাশাপাশি নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি নিরসনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ছুটির দিনে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার ক্ষেত্রে নিজস্ব বিবেচনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশও দেওয়া হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]