রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার ১২ জুলাই ২০২৬
 
শিক্ষাঙ্গন
ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট ভিসি, সংঘর্ষের ঘটনায় মামলা





গাজীপুর ব্যুরো
Tuesday, 19 May, 2026
12:41 PM
 @palabadalnet

ডুয়েটের নবনিযুক্ত ভিসি অধ্যাপক মোহাম্মদ ইকবাল। ছবি: সংগৃহীত

ডুয়েটের নবনিযুক্ত ভিসি অধ্যাপক মোহাম্মদ ইকবাল। ছবি: সংগৃহীত

গাজীপুর: ভিসি নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) টানা অচলাবস্থা চলছে। নিয়োগের পাঁচ দিন পেরিয়ে গেলেও আন্দোলনের মুখে নবনিযুক্ত ভিসি অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

এদিকে গত রোববার ক্যাম্পাসে আন্দোলনকারীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব বলেন, ভিসি নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হলেও আন্দোলনের কারণে তিনি এখনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। তবে ক্যাম্পাসে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তবে ডুয়েটে অন্য বিশ্ববিদ্যালয়ের কাউকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামে। তাদের দাবিকে সমর্থন দিচ্ছে ইসলামী ছাত্রশিবির।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নবনিযুক্ত ভিসি অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, “আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। আশা করছি সব ঠিক হয়ে যাবে। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বেতন, বোনাস, ওভারটাইমসহ যা বকেয়া ছিল তা পরিশোধের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছি এবং আহতদের চিকিৎসার ব্যবস্থাও করতে বলেছি।”

ক্যাম্পাসে কবে প্রবেশ করবেন-জবাবে তিনি বলেন, “শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। আমরা একটি সাধারণ সভা করব। সবার সঙ্গে আলোচনা করে ধীরেসুস্থে ক্যাম্পাসে যাব।”

এদিকে গত রোববার ভিসি নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থী এবং বহিরাগতদের মধ্যে ক্যাম্পাসে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন আহত হন।

ওই সংঘর্ষের ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, “সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]