মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি বিলীন





Friday, 24 April, 2026
1:42 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রাম: রৌমারী উপজেলায় আবারো ভয়াবহ রূপ নিয়েছে ব্রহ্মপুত্র নদের ভাঙন। গত দুই সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি।

নতুন করে ভাঙনের মুখে পড়েছে কয়েকশ পরিবার, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক ও বিভিন্ন স্থাপনা। এ নিয়ে নদী তীরবর্তী মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা।

স্থানীয় বাসিন্দারা জানান,দুই সপ্তাহে প্রায় ১২০ হেক্টর ফসলি জমি নদীভাঙনে বিলীন হয়ে গেছে। প্রতি বছরই বর্ষা মৌসুমের আগে ও পরে ব্রহ্মপুত্রের ভাঙন শুরু হয়। কিন্তু স্থায়ী ভাঙনরোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া না হওয়ায় বছরের পর বছর তারা ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত টেকসই নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তারা জানান, ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে শুরু করায় রৌমারীর চরশৌলমারী ইউনিয়নের চর গেন্দার আলগা, সোনাপুর, পশ্চিম খেদাইমারী, সুখেরবাতি, ঘুঘুমারী ও নামাজের চর এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীর স্রোত ও তীরধসের কারণে প্রতিদিনই নতুন নতুন অংশ নদীতে বিলীন হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাদি জমি। নদীগর্ভে চলে গেছে বোরো ধান, ভুট্টা, পাট, শাকসবজি ও বিভিন্ন মৌসুমি ফসলের জমি। এতে কৃষক পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ মাস আগে একই ইউনিয়নের সুখেরবাতি, ঘুঘুমারী, চর গেন্দার আলগা, গেন্দার আলগা, সোনাপুর ও নামাজের চর এলাকায় ভয়াবহ ভাঙনে অন্তত ৭২০ পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই এখনও রাস্তার ধারে, অন্যের জমিতে কিংবা অস্থায়ী ঝুপড়ি ঘরে বসবাস করছেন। পুনর্বাসন বা স্থায়ী সহায়তা না পাওয়ায় তারা এখনো দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।

নতুন করে ভাঙন শুরু হওয়ায় তীরবর্তী পরিবারগুলোর মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় বসতভিটা নদীতে চলে যেতে পারে-এই শঙ্কায় অনেকে রাত জেগে পাহারা দিচ্ছেন।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের সদস্য সমসের আলী বলেন, “ক্ষতিগ্রস্ত ৭২০ পরিবারের তালিকা করে চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরইমধ্যে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে।”

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে জরুরি কাজের জন্য বর্তমানে কোনো বরাদ্দ নেই।”

তিনি আরও বলেন, “স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে একটি প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]