মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
‘এমপির থার্টি পারসেন্ট’ চেয়ে বিএনপি নেতার অডিও ফাঁস, গ্রেফতার ইউপি চেয়ারম্যান





লালমনিরহাট প্রতিনিধি
Sunday, 15 March, 2026
11:50 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা: ভিজিএফ কার্ডের বরাদ্দ নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বিপ্লবের সঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শামসুজ্জামান সবুজ লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১ মিনিট ৪৪ সেকেন্ডের অডিওতে বিএনপি নেতা শামসুজ্জামান সবুজকে বলতে শোনা যায়, “আপনি এমপি সাহেবের থার্টি পারসেন্ট আমাদের প্রতিনিধির দায়িত্বে বুঝাইয়া দিছেন কি? আপনি ১ হাজার ৩টা টোকেন বুঝাইয়া দিবেন। বিনা ভোটের এমপি যখন ছিল, তাদের তো সুন্দরভাবে বুঝাইয়া দিছেন। আমরা কিন্তু বিনা ভোটে হই নাই। আপনি কিসের মিটিং করেন আমাদের বরাদ্দ নিয়ে? আপনি ১ হাজার ৩টা আজকে বোঝায় দিবেন।”

এদিকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ।

গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মদাতি ইউনিয়নের দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য ৩ হাজার ৩৪৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দের মধ্যে সংসদ সদস্যের কোটা হিসেবে ৩০ শতাংশ অর্থাৎ ১ হাজার ৩টি কার্ড দাবি করেন বিএনপি নেতা শামসুজ্জামান সবুজ।

এদিকে, অডিওটি নিজের নয় বলে দাবি করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান সবুজ।

তিনি বলেন, “ফেসবুকে ছড়িয়ে পড়া কল রেকর্ডটি আমার নয়। ওই চেয়ারম্যানের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আমি দীর্ঘ ১৭ বছর জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।”

এদিকে, ইউপি চেয়ারম্যানের স্ত্রী রুমি বেগম বলেন, ভিজিএফ কার্ডে এমপির ‘থার্টি পারসেন্ট’ বরাদ্দ নিয়ে বিএনপি নেতার সঙ্গে মোবাইলে কথোপকথনের জেরে আমার স্বামীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি নির্দোষ। তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে।

মামলার বাদী কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, তদন্তে প্রাপ্ততথ্যের ভিত্তিতে অভিযুক্ত হিসেবে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]