
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা স্লোগান দেন। আজ রোববার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের কার্যালয়ের সামনেছবি: ভিডিও থেকে নেওয়া
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা দলীয় স্লোগান দিয়েছেন। গতকাল রোববার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থান নিয়ে তাঁরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
গতকাল সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২৫ জনের মতো বিভিন্ন বয়সের মানুষ পাশাপাশি দাঁড়িয়ে। সেখানে তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, জয় ভাই কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, ‘স্বাধীনতা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। তাঁদের পেছনে জাতীয় পতাকার পাশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পতাকা দেখা যায়।
ভিডিওতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগ্যান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেখা গেছে।
বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তাঁরা সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী বলেনে, “উপজেলা যুবলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগ যে হারিয়ে যায়নি, এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা সেটার জানান দিয়েছি।”
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন। আবার চার থেকে পাঁচ মিনিটের মধ্যে সেই এলাকা ছেড়ে দিয়েছেন। এর প্রতিবাদে বিএনপি শহরে প্রতিবাদ মিছিল করেছে।
২০২৪ সালের ৫ আগস্টের হামলার পর থেকে আওয়ামী লীগ আত্মগোপনে ছিল। সংসদ নির্বাচন ঘিরে নেতা–কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন। প্রায় দেড় বছর পর তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্লোগান দিলেন।
পালাবদল/এসএ