মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
সাদাপাথরে লুটপাটের ঘটনায় অভিযানে দুদক, শনাক্ত করা হচ্ছে দোষীদের





সিলেট ব্যুরো
Wednesday, 13 August, 2025
9:26 PM
 @palabadalnet

বুধবার বিকেলে সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে অভিযানে যায় দুদক। ছবি: দুদকের সৌজন্যে

বুধবার বিকেলে সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে অভিযানে যায় দুদক। ছবি: দুদকের সৌজন্যে

সিলেট: কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। রাষ্ট্রীয় পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুদকের পাঁচ সদস্যের একটি দল পরিদর্শন করে দোষীদের শনাক্তের কাজ শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস্ সাদাৎ।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে কয়েক শ কোটি টাকার রাষ্ট্রীয় খনিজ সম্পদ তথা পাথর অবৈধভাবে উত্তোলন করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান চালায়। প্রাথমিকভাবে তাঁরা এ অভিযোগের সত্যতা পেয়েছেন। এ লুটপাটে কারা সম্পৃক্ত ছিলেন, সেটাও তারা শনাক্ত করার কাজ করছেন।

দুদকের উপপরিচালক রাফি মো. নাজমুস্ সাদাৎ বলেন, লুটপাটে স্থানীয় বাসিন্দা ও প্রভাবশালী লোক, পাথর-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জড়িত ছিলেন। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো নিষ্ক্রিয় ছিল বা বাধা দেয়নি। এ কারণে এ লুটপাট ঠেকানো যায়নি বলে দুদক জানতে পেরেছে। অভিযান শেষে দুদক পরবর্তী ব্যবস্থা নেবে।

দুদক সূত্র জানায়, দুদক দল সরেজমিনে দেখতে পায়, ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের বিভিন্ন সেবা চালু আছে। নদীর তীরেই বিজিবি ক্যাম্প এবং বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। বছরখানেক সময় ধরে প্রশাসনের সামনে এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের ইন্ধন ও সরাসরি সম্পৃক্ততায় পাথর উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছে। পাথর চুরির প্রক্রিয়াটি প্রশাসনের নিষ্ক্রিয়তায় সংঘটিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়। সেই পাথর স্থানীয় পাথর ভাঙার (স্টোন ক্রাশার) যন্ত্রে ভাঙা হয়েছে, যাতে চুরি করা পাথরের অস্তিত্ব না পাওয়া যায়।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সাদাপাথর ও আশপাশের এলাকায় অভিযান শুরু হয়। বেলা সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল। এ সময় সাদাপাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এসব পাথর আবার সাদাপাথরে রাখার প্রস্তুতি চলছে। এ ছাড়া কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। অভিযানে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করছে। সীমান্ত এলাকা হওয়ায় যতটুকু পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে, তারা ততটুকু পর্যন্ত গেছে।

একইভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায়ও আজ বেলা একটা থেকে চারটা পর্যন্ত অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয়। পাশাপাশি অবৈধভাবে উত্তোলন করা ১৩০ ফুট বালু জব্দ করা হয়।

এর আগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২০ সাল থেকে সরকারি নির্দেশনায় বন্ধ থাকা সিলেটের সব কটি পাথর কোয়ারিতে গণলুট শুরু হয়। কয়েক হাজার পাথরশ্রমিক প্রকাশ্যে পাথর উত্তোলন শুরু করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পৃষ্ঠপোষকতায় এ লুটপাট চলে বলে অভিযোগ। তখন অন্যান্য পাথর কোয়ারিতে গণলুট চললেও তুলনামূলকভাবে পর্যটনকেন্দ্র সাদাপাথরে লুটপাট কম হয়। তবে গত ২৩ এপ্রিল থেকে সাদাপাথর এলাকায় আবার পাথর লুট শুরু হয়। গত এক সপ্তাহ দেদার লুটপাট চালিয়ে এলাকাটির প্রায় ৮০ শতাংশ পাথর তুলে ফেলা হয়।

বাংলাদেশ-ভারত সীমান্তের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তের শূন্যরেখার কাছে ধলাই নদের উৎসমুখেই সাদাপাথরের অবস্থান। প্রায় ১৫ একর এলাকাজুড়ে এ পর্যটনকেন্দ্র। ছোট-বড় অসংখ্য পাথরের ওপর দিয়ে প্রবাহিত জলের স্রোতোধারা এ পর্যটনকেন্দ্রের মূল আকর্ষণ। এই সৌন্দর্যের টানে প্রতিদিন দেশ-বিদেশের কয়েক হাজার পর্যটক ভিড় জমান। এখন পাথর লুট হয়ে যাওয়ায় পর্যটকেরা হতাশ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]