রবিবার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার ১২ জুলাই ২০২৬
 
কোন নতুন নিয়মে লাল কার্ড দেখলেন সুইজারল্যান্ডের এম্বোলো?





স্পোর্টস ডেস্ক
Sunday, 12 July, 2026
12:16 PM
 @palabadalnet

ফিফার নতুন নিয়মে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস ফরোয়ার্ড এম্বোলো। ছবি: এএফপি

ফিফার নতুন নিয়মে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস ফরোয়ার্ড এম্বোলো। ছবি: এএফপি

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে আলোচনার জন্ম দিয়েছে ব্রিল এম্বোলোর লাল কার্ড। প্রথমে আর্জেন্টিনার খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেও পরবর্তীতে ভিএআর দেখে সেই হলুদ কার্ডের সিদ্ধান্ত পরিবর্তন করে উল্টো হলুদ কার্ড দেখানো হয় সুইস খেলোয়াড় এম্বোলোকে। এর আগেই আরেকটি হলুদ কার্ড দেখায় তখনই মাঠ ছাড়তে হয় তাকে। কিন্তু ঠিক কোন নিয়মে কার্যকর হলো এম্বোলোর লাল কার্ড? 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, এবারের বিশ্বকাপে চালু করা ফিফার আরেকটি নতুন নিয়মের কারণে লাল কার্ড দেখেছেন এম্বোলো। ফিফার এই নতুন নিয়মের নাম ‘মিসটেকেন আইডেন্টিটি’। 

ঘটনাটি ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটের। এম্বোলোকে টাচলাইনের সামনে ফাউল করার অপরাধে পারেদেসকে প্রথমে হলুদ কার্ড দেখান পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো। কিন্তু একটু পর হস্তক্ষেপ করে ভিএআর, মাঠের রেফারিকে মনিটরে দেখে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়। 

নতুন নিয়মে কী আছে? 

এই বিশ্বকাপ উপলক্ষে রেফারিংয়ে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে ফিফা। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি হলো ‘মিস্টেকেন আইডেন্টিটি’ বা ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত সংশোধনের আইন। ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনার অনুরোধেই নিয়মটি চালু করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে যদি হলুদ বা লাল কার্ড দেখানো হয়, কিন্তু পরে ভিএআর পর্যালোচনায় দেখা যায় যে অপরাধটি আসলে প্রতিপক্ষের নয়, বরং কার্ড পাওয়া খেলোয়াড়ই করেছেন, তাহলে রেফারি আগের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন।

ঠিক এই নিয়মেই আটকে গেছেন এম্বোলো। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে ফাউলের জন্য প্রথমে দোষী মনে করেছিলেন রেফারি। কিন্তু ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে তিনি বুঝতে পারেন, পারেদেস কোনো ফাউল করেননি; বরং এম্বোলো ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়ে রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। ফলে পারেদেসের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত বাতিল করে এম্বোলোকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়, যা লাল কার্ডে রূপ নেয়।

তবে পারেদেসকে যদি প্রথমে হলুদ কার্ড না দেখানো হতো, তাহলে ‘মিস্টেকেন আইডেন্টিটি’ আইনটি এ ক্ষেত্রে প্রযোজ্য হতো না এবং এম্বোলোও মাঠে থেকে যেতে পারতেন।

অবশ্য এই নিয়মের প্রথম প্রয়োগ দেখা যায় টুর্নামেন্টের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচে। সেই ম্যাচে প্রথমে মিগুয়েল আলমিরনকে ফাউল করার দায়ে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিমকে হলুদ কার্ড দেখান ডাচ রেফারি ড্যানি ম্যাকেলি। প্যারাগুয়ে ফ্রি-কিক নেওয়ার পর ভিএআরের পরামর্শে তিনি মনিটরে গিয়ে ঘটনাটি আবার পর্যালোচনা করেন।

রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন ম্যাকেলি। রিমের হলুদ কার্ড প্রত্যাহার করে তিনি বরং আলমিরনকেই ‘সিমুলেশনের’ দায়ে হলুদ কার্ড দেখান। এর আগে আন্তর্জাতিক ফুটবলে এমন পরিস্থিতিতে রেফারিদের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ ছিল না। নতুন নিয়মের ফলে এখন রেফারিদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে। 

পালাবদল/এসএ 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]