
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: ইউএনবি
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত চীন সফর থেকে নগদ প্রাপ্তি নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘একটু আত্মসম্মান রাখেন...এগুলো খুব বিব্রতকর প্রশ্ন।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ শনিবার বিকেলে আয়োজিত ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ চীন সফর থেকে নগদ কী পেল। এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
খলিলুর রহমান বলেছেন, “আপনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রতবোধ করি। এখানে উনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই। এখানে গেছেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, তার কনটেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি ও গভীরতা-এটা এস্টাবলিশ করার জন্য। বাকিগুলি পরে আসবে। কোনো দিন সরকারপ্রধান আরেক সরকারপ্রধানের সঙ্গে দিস্তা কাগজ নিয়ে, পেনসিল নিয়ে বসে না। ভিক্ষার ঝুলি নিয়ে যায় না ভাই। একটু আত্মসম্মান রাখেন। আমরা অন্য জায়গায় পৌঁছে গেছি। এটা বিশ্বাস করুন। এগুলো খুব বিব্রতকর প্রশ্ন।”
প্রসঙ্গত, ২১ থেকে ২৬ জুন পর্যায়ক্রমে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রী চীন থেকে দেশে ফেরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন ধাপে উন্নীত করার ঘোষণা এসেছে। দুই দেশের জনগণের ‘অভিন্ন ভবিষ্যৎ’ গড়ার স্বার্থে অংশীদারত্বের পাশাপাশি আলোচিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও মোংলা বন্দর উন্নয়নে আগ্রহ দেখিয়েছে বেইজিং।
পালাবদল/এসএ