মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
 
স্পোর্টস
জোড়া গোলে ক্লোসাকে ছুঁলেন এমবাপে, আরেকটি বড় জয় ফ্রান্সের





স্পোর্টস ডেস্ক
Tuesday, 23 June, 2026
6:58 PM
 @palabadalnet

টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

বিশ্বকাপে কিলিয়ান এমবাপের গোল উৎসব চলছেই। সেনেগালের বিপক্ষে জোড়া গোল দিয়ে বিশ্বকাপ শুরুর পর এবার ইরাকের বিপক্ষেও করলেন জোড়া গোল। এতেই জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে নাম লিখিয়ে ফেলেছেন এই ফরাসি তারকা। বিশ্বকাপে মাত্র ১৬ ম্যাচে এখন ১৬ গোল এমবাপের। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসেই এত কম ম্যাচে ১৬ গোলের রেকর্ড নেই আর কারোর। 

এমবাপের দুই গোলের সাথে উসমান দেম্বেলের গোলে ইরাকের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফ্রান্স। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়েছে বর্তমান রানার্সআপদের। 

ফিলাডেলফিয়ায় ম্যাচের শুরু থেকেই ইরাকের ওপর চড়াও হয় ফ্রান্স। লো ব্লকে খেলতে থাকা ইরাকের রক্ষণভাগ ভাঙতে দুইবারের চ্যাম্পিয়নরা সময় নেয় মাত্র ১৪ মিনিট। বক্সের বাইরে ডান পাশ থেকে দুরন্ত গতির শটে দলকে এগিয়ে নেন এমবাপে। গোল খাওয়ার পাশাপাশি ইরাকের জন্য বড় ধাক্কা হয়ে আসে প্রথম হাইড্রেশন ব্রেকেই দলের মূল স্ট্রাইকার আয়মান হুসেনের চোট নিয়ে বের হয়ে যাওয়া। তবে প্রথমার্ধে ওই এক গোলই করতে পেরেছে ফ্রান্স। 

তবে এরপর প্রতিকূল আবহাওয়ার কারণে খেলা বন্ধ থাকে দুই ঘণ্টারও বেশি সময়। মুষলধারে বৃষ্টির সাথে তীব্র বজ্রপাতের কারণে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রটোকল অনুযায়ী খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রথমে ফিফা ৩০ মিনিটের বিরতির কথা বললেও শেষ পর্যন্ত খেলা শুরু করতে অপেক্ষা করতে হয়েছে দুই ঘণ্টার বেশি। 

তবে দীর্ঘ বিরতিও এমবাপের গোল উৎসবে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ইরাকি খেলোয়াড়দের শিশুতোষ ভুলে দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটেই রিয়াল মাদ্রিদ তারকা পেয়ে যান বিশ্বকাপে নিজের ১৬তম গোল। এতে করে ফ্রান্সের হয়ে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল পেলেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। 

এমবাপের দুই গোলের পর ফ্রান্সের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেছেন দেম্বেলে। মাইকেল ওলিসের বাড়ানো বল থেকে এবারের আসরে নিজের প্রথম গোল পেয়েছেন এই পিএসজি তারকা। ৯০ মিনিটে হ্যাটট্রিকের ভালো সুযোগ পেয়েছিলেন এমবাপে। তবে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। 

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন লিওনেল মেসির ঠিক পরের জায়গাটিই এমবাপের। অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল দিয়ে নিজের গোলসংখ্যা ১৮তে নিয়ে গেছেন মেসি। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]