
সৌদি পুলিশ বাহিনীর সদস্য। ফাইল ছবি: সংগৃহীত
সৌদি আরবে সাত দিনের ব্যবধানে মোট সাত হাজার ৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে সৌদি আরবভিত্তিক গণমাধ্যম সৌদি গ্যাজেট।
গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চার হাজার ৬০ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন। পাশাপাশি, আরও দুই হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং এক হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করেছেন।
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন এক হাজার ১৮৪ জন। তাদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ার (৭০%) ও ইয়েমেনের (২৮%) নাগরিক।
বাকি দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন আরও ২৫ জন।
ইতোমধ্যে চার হাজার ৬৯০ জন অবৈধ বাসিন্দাকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
আউটপাস বা ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে পাঠানো হয়েছে।
আর ফ্লাইটের টিকিট চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছেন আরও ৮৫০ জন।
বর্তমানে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ, এক হাজার ৩১৯ জন নারীসহ মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অবৈধ প্রবাসীদের পরিবহনসুবিধা, আশ্রয় ও কাজ দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, কেউ অবৈধ অনুপ্রবেশে সহায়তা করলে কিংবা আশ্রয় ও পরিবহনসুবিধা দিলে তাকে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।
এর পাশাপাশি জরিমানা হতে পারে সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল। এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়িও জব্দ করা হতে পারে।
মন্ত্রণালয় এ-সংক্রান্ত কোনো অনিয়ম দেখলে সাধারণ মানুষকে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে।
পালাবদল/এসএ