
প্রতীকী ছবি
ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় দিনে-দুপুরে একজনকে গুলি করে ১৭ হাজার ডলার (প্রায় ২০ লাখ টাকা) লুট করেছে একদল অজ্ঞাত দুর্বৃত্ত।
আজ রোববার বিকেল ৩টার দিকে জনতা ব্যাংকের একটি শাখার সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাহজাহানপুর এলাকার বাসিন্দা লোকমানের হাত ও পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলাকারীরা সম্ভবত ওই লোককে অনুসরণ করে। তিনি যখন ব্যাংকের সামনে পৌঁছান, তখন তারা তার কাছে থাকা টাকা নিতে চায়।
“তিনি টাকা দিতে রাজি না হলে তারা গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়,” বলেন ওসি।
পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
পালাবদল/এসএ