
ফাইল ছবি
ঢাকা: ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় রামপুরায় দুজনকে হত্যা এবং আরও দুজনকে গুলি করার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ রোববার ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মৃত্যদণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
একই মামলায় ট্রাইব্যুনাল পুলিশের সাবেক উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
আসামিদের মধ্যে শুধুমাত্র চঞ্চল হেফাজতে রয়েছেন, বাকিরা পলাতক।
গত বছরের ৬ আগস্ট এই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুলে ছয়জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের পৃথক এক মামলায় হাবিবুর রহমান এর আগেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, অপরাধে সংশ্লিষ্টতা, সহায়তা, উসকানি, অপরাধ দমনে ব্যর্থতা এবং কমান্ড রেসপনসিবিলিটির (আদেশদাতার দায়বদ্ধতা) অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই পুলিশের অভিযানের সময় ছয় বছরের শিশু মুসা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বুলেটটি ওই শিশুর শরীর ভেদ করে তার দাদি মায়া ইসলামকে আঘাত করে।
মুসা চিকিৎসার পর বেঁচে গেলেও মায়া ইসলাম আঘাতের কারণে মারা যান। ওই সময় মো. নাদিম নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
একই দিনের অন্য একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ১৮ বছর বয়সী আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ ধরে ঝুলে আছেন। তিনি যখন প্রাণপণে কার্নিশ ধরে বাঁচার চেষ্টা করছিলেন, তখন দুজন পুলিশ সদস্য খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
পালাবদল/এসএ