
ফাইনালে ভারতের কাছে হারার পর হতাশ মারিয়া-ঋতুপর্ণারা। ছবি: সংগৃহীত
শিরোপা ধরে রাখার মিশনে ছন্নছাড়া ফুটবল খেলল বাংলাদেশের মেয়েরা। বিবর্ণ ফুটবল প্রদর্শনীতে স্বাগতিক ভারতের সঙ্গে লড়াই জমাতে পারেননি ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডারা। ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে সাফে রেকর্ড ৬ষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত।
গোয়ার মারগাঁওয়ে সাফ উইমেন চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছে ভারত। প্রথমার্ধে ১-১ সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরও দুই গোল দেয় স্বাগতিকরা।
ম্যাচের ৪৩ মিনিটে পিয়ারি জাজার গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল-সবুজের প্রতিনিধিদের খেলায় ফেরান ঋতুপর্ণা। তবে বিরতির পর সানফিদা ননগ্রুম ভারতকে এগিয়ে নেওয়ার পর ৮১ মিনিটে জয় নিশ্চিত করেন লিন্ডা কম।
ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে ১২ মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রস শামসুন্নাহার ধরতে না পারায় লাভ হয়নি। দুই মিনিট পর তুলনামূলক সহজ সুযোগ হাতছাড়া করেন তহুরা খাতুন।
১৬ মিনিটে ভারতের আস্তাম ওরাওঁ মারেন বারের ওপর দিয়ে। ৩০ মিনিটে তিনি আরেকটি সুযোগ হাতছাড়া করেন হেড লক্ষ্যে রাখতে না পেরে। ৩৮ মিনিটে মিলি আক্তার দারুণ দক্ষতায় বাঁচান বাংলাদেশকে।
৪২ মিনিটে গোল পেয়ে যায় ভারত। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে বক্সের ভেতর বল পেয়ে যান পিয়ারি জাজা। বাংলাদেশের একজন ডিফেন্ডারের ট্যাকলের মাঝে বল উড়িয়ে দেন তিনি। মিলি সামান্য এগিয়ে থাকায় সেই বল আটকাতে পারেননি, অসহায়ভাবে দেখেন গোল।
অবশ্য ম্যাচে ফিরতে দেরি করেনি গত দুইবারের চ্যাম্পিয়নরা। প্রতি-আক্রমণ থেকে তহুরা বল নিয়ে ছোটেন, তিনি বাঁ দিকে ফাঁকায় থাকা ঋতুপর্ণাকে দিলে বাংলাদেশের সেরা তারকা কোনো ভুল করেননি। দারুণ প্লেসিং শটে দলকে সমতায় ফিরিয়ে বিরতিতে যান।
বিরতির পর পরই এগিয়ে যায় ভারত। ডান প্রান্ত থেকে পাওয়া ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান সানফিদা। পরের কয়েক মিনিটে বাংলাদেশের বক্সে একের পর এক হানা দিতে থাকে ভারত। কয়েকটি সহজ সুযোগও হাতছাড়া হয়ে যায়।
৮২ মিনিটে লিন্ডা কমকে আর আটকাতে পারেনি বাংলাদেশ। তার গোলে অবশ্য বাজে ডিফেন্ডিংয়ের দায় আছে। আফঈদা খন্দকারের ভুলে বল পেয়ে মিলি আক্তারকে পরাস্ত করেন লিন্ডা। এরপর আর ম্যাচে ফেরার তেমন সুযোগ ছিল না বাংলাদেশের।
পালাবদল/এসএ