মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
দাঁড়িয়াবান্ধা খেলা দেখতে হাজারো মানুষের ঢল





কিশোরগঞ্জ প্রতিনিধি
Monday, 23 March, 2026
12:15 AM
 @palabadalnet

করিমগঞ্জে আয়োজিত দাঁড়িয়াবান্ধা খেলা। ছবি: সংগৃহীত

করিমগঞ্জে আয়োজিত দাঁড়িয়াবান্ধা খেলা। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ: আশির দশকের গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জমজমাট দাঁড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। বিলুপ্তপ্রায় এই খেলা দেখতে সমবেত হয়েছিলেন বিভিন্ন বয়সী হাজারো উৎসুক মানুষ।

রোববার বিকেলে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের খিরারচর বাজার সংলগ্ন মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ঈদ পরবর্তী আনন্দ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ এই খেলা উপভোগ করেন। খেলা শুরু হলে উপস্থিত হাজারো দর্শক আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

খেলা দেখতে আসা রইছ উদ্দিন স্মৃতিকাতর হয়ে বলেন, “একসময় গ্রামাঞ্চলের পথে-ঘাটে ও মাঠে সব বয়সী মানুষ এই খেলায় মেতে থাকত। হৈ-চৈ আর আনন্দ উৎসবে মেতে উঠত পুরো গ্রাম। কিন্তু কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এই খেলাটি এখন আর তেমন দেখা যায় না।”

স্থানীয় বড়চর যুব জাগরণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ খেলায় বড়চর ও খিরারচর গ্রামের খেলোয়াড়েরা ‘হলুদ দল’ ও ‘লাল দল’ নামে দুই ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে হলুদ দল ৯-৬ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে।

আয়োজক কমিটির সদস্য শিহাব উদ্দিন জানান, দাঁড়িয়াবান্ধা গ্রামবাংলার অত্যন্ত প্রাচীন ও জনপ্রিয় খেলা হলেও বর্তমানে তা বিলুপ্তপ্রায়। বর্তমান প্রজন্মের কাছে এই খেলাকে পরিচিত করতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই বিশেষ আয়োজন।

কাদিরজঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (সুমন)।

সাইফুল ইসলাম সুমন বলেন, “এসব খেলা আজ হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্মকে ভয়ংকর ডিজিটাল আসক্তি থেকে মুক্ত করতে গ্রামবাংলার লোকজ খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ঐতিহ্য রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]