মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
মুন্সীগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ





মুন্সীগঞ্জ প্রতিনিধি
Saturday, 7 March, 2026
12:50 AM
 @palabadalnet

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: লৌহজংয়ে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার আগে তাদের নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গত বুধবার রাতে উপজেলার গোয়ালীমান্দ্রায় চুরির অভিযোগ তুলে দুজনকে নির্যাতন করা হয়। পিটুনিতে গুরুতর আহত দুজনকে পুলিশ সকালে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন ছানারুল (২০) ও সাগর (২৫)।

পুলিশ জানায়, নিহত ছানারুলের মা রোকসানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বেদে পরিবারের সন্তান ছানারুল ফেরি করতেন। নদীর পাড়ে টং ঘরে বসবাস তার পরিবারের।

ছানারুলের মা রোকসানা বলেন, “সেহেরি খাওয়ার সময় আরেকটি ছেলেকে ডাকতে গিয়েছিল আমার ছেলে। ওইসময় কিছু লোক তাকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।”

তিনি আরও বলেন, “চুরির সন্দেহে তাকে ধরেছে। কিন্তু তার বিরুদ্ধে আগে কখনও কোনো বিষয়ে অভিযোগ ছিল না।”

নিহত সাগরের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, “আমার স্বামী অটোরিকশা চালাতেন। বুধবার সেহেরির সময় তিনি অটোরিকশা চালাতে বের হন। হেঁটে গ্যারেজে যাওয়ার সময় চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে।” 

“আমি ঘুমিয়ে ছিলাম। সকালে ঘুম থেকে জেগে জানতে পারি আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে,” বলেন তিনি। 

ওসি মনিরুল বলেন, “দুজনের মরদেহ দেখেই বোঝা যায়, তাদের বেদম প্রহার করা হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]