শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
 
মিডিয়া
সাংবাদিক শফিকুর রহমানের ইন্তেকাল





নিজস্ব প্রতিবেদক
Saturday, 24 October, 2026
8:39 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার অসুস্থ অবস্থায় মুহম্মদ শফিকুর রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, শনিবার দুপুরে রাজধানীর বনানীর বাসায় তিনি বাথরুমে পড়ে যান। প্রায় ১০ মিনিট ধরে বের না হলে বাথরুম ভেঙে দেখা যায় উনি উপুড় হয়ে পড়ে আছেন। এরপর পরিবারের সদস্যরা তাকে ইউনাইটেড হাসপাতালে নেন। সেখান নেয়ার পর চিকিৎসকরা তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

মুহম্মদ শফিকুর রহমান ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন।

মুহম্মদ শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫শে সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন। ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন মুহম্মদ শফিকুর রহমান। এরপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]